বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ দুই কুখ্যাত দুষ্কৃতী গ্রেফতার
দি নিউজ লায়ন; বিধানসভা নির্বাচনের মধ্যেই গোপন সূত্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করলো বৈষ্ণবনগর থানার পুলিশ । সোমবার ভোরে ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ১৬ মাইল এলাকা থেকেই আগ্নেয়াস্ত্রসহ ওই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ । উদ্ধার হয়েছে সাতটি পাইপ গান এবং একটি মাসর্কেট। এতগুলো আগ্নেয়াস্ত্র দুষ্কৃতীরা কোথায় পাচার করার পরিকল্পনা নিয়েছিল, সেব্যাপারেও তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতের মাধ্যমে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বৈষ্ণবনগর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আলীবর্দী বিশ্বাস (২১) এবং সমর মন্ডল (৪২)। এদের বাড়ি বৈষ্ণবনগর থানার তিনশতদিঘী এলাকায়। সোমবার ভোরে একটি ব্যাগে করে আগ্নেয়াস্ত্রগুলি মজুত করার পর সেটি কোথাও পাচার করার পরিকল্পনা নিয়েছিল ওই দুষ্কৃতীরা। কিন্তু গোপন সূত্রে খবর পাওয়ার পর পুলিশ ফাঁদ পেতে ১৬ মাইল এলাকা থেকেই ওই দুই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে।
পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছে, এটা পুলিশের বড় সাফল্য। সুষ্ঠু এবং অবাধ নির্বাচন সম্পন্ন করতে পুলিশ সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এদিন গোপনসূত্রে অভিযান চালিয়ে ১৬ মাইল এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ দুই দুষ্কৃতী গ্রেফতার করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

Post a Comment